উত্তর কোরিয়া'কে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মর্যাদা না দিলে প্রকাশ্য যুদ্ধের হুশিয়ারী দিলেন - কিম জং উন
পিয়ংইয়ং, উত্তর কোরিয়া | ২৬ নভেম্বর ২০২৬ | দ্য গ্লোবাল জার্নাল
উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর এই বক্তব্যে কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
কিম জং উন বলেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় এসব অস্ত্রের সামরিক গুরুত্ব বিবেচনায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দেশের পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা। সেখানে তিনি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। পাশাপাশি পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির অন্যতম বড় সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম ও অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।
কিমের বক্তব্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে যারা দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি জানায়, তাদের অবস্থানের কারণে পিয়ংইয়ংয়ের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
উল্লেখ্য, ২০২৩ সালে নিজেদের সংবিধানে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করে দেশটির সরকার। কিম জং উন স্পষ্ট করে বলেন, এই মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কিমের এমন বক্তব্য সামনে এসেছে। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চল (ডিএমজেডে) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে গত অক্টোবরে পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।
দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছিল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ প্রত্যাখ্যান করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায়। উত্তর কোরিয়ার দাবি, বিস্ফোরণের ঘটনাটি সাজানো।
এর কয়েক দিনের মাথায় জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ধারাবাহিক এসব সামরিক কর্মকাণ্ডে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি বাড়ানোর বিষয়ে কিম জং উনের নির্দেশ কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স









