মুসলিম বিশ্ব'কে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরির আহ্বান করেছেন -ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
— গ্লোবাল জার্নাল | তেহরান | ৩০ আগস্ট
মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ ইসলাম ও মুসলমানদের শত্রুদের স্বার্থকে শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইসলামি ঐক্য সপ্তাহ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর আল-সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ইসলাম ও মুসলিম উম্মাহর শত্রুদের অন্যতম লক্ষ্য। তার মতে, পারস্পরিক মতপার্থক্যকে বড় করে দেখানোর মাধ্যমে মুসলিম জাতিকে দুর্বল করে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
খামেনি বলেন, বর্তমান সময়ে মুসলমানদের ইতিহাস-নির্ধারণী ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রথম ও প্রধান শর্ত হলো মুসলিমদের ঐক্য। তিনি মুসলিমদের ঐক্যকে কোরআনের নির্দেশনা এবং ইসলামের মৌলিক শিক্ষা হিসেবে উল্লেখ করেন।

মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো ব্যক্তি জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় এমন কোনো পদক্ষেপ নিলে যা মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে, তা শেষ পর্যন্ত ইসলামবিরোধী শক্তির উদ্দেশ্য পূরণ করে।
ইসলামি দেশগুলোর শাসকদের উদ্দেশে খামেনি বলেন, বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের নিজেদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, তাদের ষড়যন্ত্র বুঝতে হবে এবং তার মোকাবিলা করতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, এসব শক্তি শুধু ইরান বা প্রতিরোধ জোটের বিরুদ্ধে নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার জনগণসহ বৃহত্তর মুসলিম বিশ্বের বিরুদ্ধেও অবস্থান করছে—এমনটাই তার দাবি।

খামেনি আরও বলেন, মুসলিম ঐক্যের অর্থ শুধু রাজনৈতিক সংহতি নয়; বরং নিরাপত্তা, জ্ঞান, অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাও এর অংশ। তার মতে, এই ধরনের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে একটি নতুন ইসলামি সভ্যতা গড়ে তোলার পথ তৈরি হতে পারে।
ইরানের অভ্যন্তরে মুসলিম ঐক্য একটি গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে দাবি করে খামেনি দেশটির জনগণকেও পারস্পরিক বিভেদ এড়িয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
— গ্লোবাল জার্নাল | তেহরান | ৩০ আগস্ট
সূত্র: মেহর নিউজ এজেন্সি





