ইরান এবং ভারতের মধ্যকার বানিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও সম্প্রসারণে দ্রুত সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন -তেহরান
নয়াদিল্লি | ৫ সেপ্টেম্বর ২০২৬ | The Global Journal
ইরান ও ভারতের মধ্যকার বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও সম্প্রসারণে ব্যবসায়ীদের আইনি ও বিচারিক জটিলতা দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে তেহরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, দুই দেশের যৌথ ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ব্যবসায়ী ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর আইনি বিষয় দ্রুত নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সহজ করতে ইরানের বিচার বিভাগ প্রস্তুত রয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে ইরানি ও ভারতীয় ব্যবসায়ী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের পথে থাকা বিভিন্ন আইনি, প্রশাসনিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
মোহসেনি-এজেই বলেন, ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কার্যক্রমে যেসব আইনি ও অন্যান্য বাধার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সম্পর্কে বিচার বিভাগ সরাসরি তাদের বক্তব্য শুনতে প্রস্তুত। একই সঙ্গে আইন ও সংশ্লিষ্ট বিধিবিধানের কাঠামোর মধ্যে থেকে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফররত ইরানের বিচার বিভাগের প্রধান দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বিভিন্ন অর্থনৈতিক ও আইনি প্রতিবন্ধকতা দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।
ইরানি ও ভারতীয় ব্যবসায়ীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তার একটি অংশের জন্য তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপকে দায়ী করেন। তার মতে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সরকার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
মোহসেনি-এজেই বলেন, ইরান ও ভারতের সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পথে থাকা অনেক বাধা দূর করা সম্ভব। এতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং বাণিজ্যিক যোগাযোগ আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, ইরানের বিচার বিভাগ তার আইনগত এখতিয়ারের আওতায় ইরানি ও ভারতীয় ব্যবসায়ী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। বিশেষ করে বিচারিক ও আইনি বিষয় দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
ইরানের এই উদ্যোগ দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন অর্থনৈতিক বিধিনিষেধের কারণে সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও ইরান-ভারত বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখতে আইনি ও বিচারিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
IRNA —





